

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসে পৌঁছেছে। এই প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনকে আসামি করা হয়েছে।
আজ রবিবার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে জমা দেয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত প্রতিবেদনে অন্য আসামিদের মধ্যে রয়েছেন একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, একই টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা এবং সাংবাদিক শাহরিয়ার কবির। এ ছাড়া তৎকালীন পুলিশ ও র্যাব প্রধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকেও এই মামলায় আসামি করা হয়েছে।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তদন্ত সংস্থার জমা দেওয়া প্রতিবেদনটি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। আগামী ২১ জুলাই নির্ধারিত সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে।
এদিকে, মামলার অগ্রগতির বিষয়ে জানতে আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান হেফাজতে ইসলামের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সংগঠনের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের (মধুপুর পীর সাহেব) নেতৃত্বে ১০ থেকে ১৫ সদস্যের এই প্রতিনিধিদল চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার ও মুফতি মীর ইদ্রিসসহ অন্যান্য শীর্ষ নেতারা।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ ডাকে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে শাপলা চত্বর খালি করে। ওই অভিযানে বহু মানুষ হতাহত হওয়ার অভিযোগে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন