

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ার বাসা ছেড়ে রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বঙ্গভবনে উঠেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন তিনি প্রথমবারের মতো রাষ্ট্রপতির সরকারি বাসভবনে অফিস করতে প্রবেশ করেন।
বঙ্গভবন এলাকায় পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতির গাড়িবহরকে স্বাগত জানিয়ে বঙ্গভবনের ভেতরে নিয়ে যায়। পরে বঙ্গভবন লেনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনের ভেতরে প্রবেশ করেন। এখন থেকে তিনি বঙ্গভবনেই বসবাস করবেন এবং এখান থেকেই দাপ্তরিক কাজ পরিচালনা করবেন।
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ার পর রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির বঙ্গভবনে ওঠার বাধ্যবাধকতা রয়েছে।
এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার তিনি জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। ভোট গণনা শেষে তাঁকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
মন্তব্য করুন